শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬

একখানা সবুজ বাংলাদেশ



আমার তখনো জন্ম হয়নি
আমি তাই ঠিক ততোটাই জানি
যতটা আমায় জানিয়েছে ইতিহাস।
তবে আমার এক কাকা ছিলেন
চলে গেছেন ওপারের দেশে
অজানা অভিমানে
অসুখে বিসুখে
অযত্নে অবহেলে ।
কিন্তু আমি আজ কোন অভিমানের কথা বলতে আসিনি,
আমি আসিনি অভিযোগের পসরা সাজিয়ে।
কাকার সাথে আমার বড়ই সখ্য ছিল,
গল্প ছিল
যখন আমি ঘুঘু ডাকা দুপুরবেলায়
ঘুম হারিয়ে, দুষ্টু স্বরে বলতাম,
কাকা, ও কাকা, গল্প বল।
কাকা বিরক্ত হয়ে বলতেন, গল্প নয়রে সত্যি।
আমিও হেসে বলতাম, ও আচ্ছা, সত্যিই তো,
আমার কেন লাগে রূপকথার মতন?
কাকা কেমন হারিয়ে যেতেন,
আমার কথায় হারিয়ে যেতেন,
গল্প তখন শুরু হত।

গল্প শুনতে শুনতে আমি এখন অনেক কিছুই জানি,
আমার সমান তরুণী দের সম্ভ্রমহানীর কথা জানি,
মায়ের বুকের থেকে কি করে হারায় দুধের শিশু আমি জানি,
নারকীয় হত্যাকাণ্ড শব্দের অর্থ আমি এখন জানি,
আমি এমন অনেক কিছুই জানি।
অসহ্য কষ্টের বিনিময়ে অর্জিত স্বাধীনতার রঙের কথা জানি,
একটা সবুজ বাংলাদেশের লাল সূর্যটা কি করে আমাদের হয়েছিল
আমি জানি।
আমি বঙ্গবন্ধুর সেই শ্লোগানের কথা জানি
যে কথা মনে হলেই
কাকার চোখ দুটো জ্বলজ্বল করে উঠত ,
আজীবন জ্বলবে হয়তো,
যতদিন আমি আছি,
আমরা আছি,
আছে ১৬ ডিসেম্বর
আর একখানা সবুজ বাংলাদেশ
কারণ কাকা যে আমায় সত্যিকারের গল্প বলে গেছেন।

শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

চুমু




তোমার আমার নিঃশ্বাস যখন এক হয় 
আমাদের হৃদ স্পন্দন বাড়ে
ধুকধুক শব্দটা প্রবল হয়,
বুঝতে পারি বেঁচে আছি, 
বেঁচে আছি এখনো 
তুমিকি তাহলে বুঝতে পারছো 
আমাদের এক হওয়া কত প্রয়োজন? 
কত প্রয়োজন নিঃশ্বাসে নিঃশ্বাস মিলিয়ে একটা গভীর চুমু?

মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬

স্বর্ণলতা






স্বর্ণলতা ,স্বর্ণলতা
স্বর্ণ চুরি করে
কোন কাননে আছিস শুয়ে
কোন সুখেরই তরে ?

তোর রুপের তোড়ে সূর্য লুকোয়
আলোকশিখা যাচে
কি দিবি বল সূর্য যদি
পাগল হয়ে নাচে?

স্বর্ণলতা, স্বর্ণলতা,
কোন বাড়ীটির বউ?
আঁকড়ে ধরিস বৃক্ষ যতই
আপন নয় যে কেউ।


কবিতার কোন ভুল নেই

কবিতার কোন ভুল নেই।
কবিতা কল্পনা হোক
বাস্তব হোক
হোক শ্লীল
অথবা অশ্লীল ,
কবিতার কোন ভুল নেই।
কবিতা বিদ্রোহী হোক
শ্রমের অথবা বিশ্রামের
নগ্ন , অপাঠ্য অথবা সুপাঠ্য
দুর্বোধ্য অথবা সহজ
ভালোবাসার বা ঘৃণার
পার্থিব নয় অপার্থিব
হোক কবিতা তোমায় নিয়ে লেখা
অথবা দূর ছাই
কি আসে যায়?
করি থোড়াই কেয়ার।
কবিতা শুধু কবিতাই
কবিতা সুন্দর
কবিতার কোন ভুল নেই
কবিতার কোন ভুল হতে পারেনা।

সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬

কুয়াশা বিলাস

উত্তুরে হাওয়ার তোড়ে
সূর্য বিধ্বস্ত ,
লুকিয়েছে চুপিচুপি
মেঘের আড়ালে নয়
নিজেরই আড়ালে যেন।
তির্যক কিরণ তার
পড়ছে চোখের তারায়
মনের ভেতরে খেলে বুঝি
কেবলই হারাই হারাই।
উষ্ণতা জমা নেই
তীব্রতা নেই
প্রিয়ার চিবুকে আজ
বিন্দু বিন্দু ঘাম নেই।
উত্তুরে হাওয়ার তোড়ে
জেনেছে আকাশ
খুব বেশী দূরে নেই
কুয়াশা বিলাস।

রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬

জীবনহীন জীবন










বারান্দায় দাঁড়ালেই অট্টালিকা
ঢেকে দিয়েছে আকাশটাকেও
চাঁদ কবে দেখেছি এখানে দাঁড়িয়ে
মনে পড়েনা আর
মাঝে মাঝে চুপি চুপি একটু খানি হাওয়া
লুকোচুরি খেলে চুলে কঠিন আসা যাওয়া
উর্দি পরা প্রহরী গুলো হাঁটাহাঁটি করে রাস্তায়
পীচ ঢালা কালো পথ ঘাস হীন অযত্ন অবহেলায়,
মেঝেতে বিছানো ছোট ছোট গাছগুলো
কখনো কি পেয়েছে দেখা অবারিত সবুজের?
পায়নি।
জীবন এখানে এমন।
মানুষ মানুষের থেকে দূরে,
গাছেরা গাছেদের থেকে দূরে।
হয়তো পাখিরা মিলে মিশে থাকে
হারিয়ে অজানায় উড়ে উড়ে।

অন্য কোথাও, অন্য কোনখানে








অন্য কোথাও
অন্য কোনখানে
দেখা হবে কোনোদিন
স্বপ্ননারীর সনে।
চাঁদহীন এক গভীর কালো রাতে
ফিনফিনে গাউনের মাঝে
অপার্থিব এক রূপবতী নারী
বলেছিল আনমনে,
সবুজ যুবক,
নিশ্চয়ই দেখা হবে
অন্য কোথাও
অন্য কোনখানে।
স্নান শেষে ভেজা চুল শুকোয়নি তখনো
গালের নরম ভাঁজে জলের রেখা ফুরোয়নি তখনো
চোখা ইলিশের মাথার মতন নরম কচি আঙুলে
স্পষ্ট অক্ষরে এসেছে লেখা,
হে সবুজ যুবক
দেখা হবে দেখে নিয়ো
অন্য কোথাও
অন্য কোনখানে।
অনেক দূরের থেকে সুবাস কি পেয়ে গেছে যুবক তাহার?
সদ্য স্নানের শেষে ভেজা জুঁইয়ের সাথে
মিলিয়েছে কি কোনভাবে।
ঘুটঘুটে কালো আকাশে এঁকেছে কি পূর্ণিমার চাঁদ?
নাকি ওই ফিনফিনে গাউনের
ছিপছিপে নারীর ছায়ায়
হারিয়েছে পথ?
বিভ্রান্ত যুবক,
রাত্রি দেখেনি আর
দেখেনি জোছনা বাহার
এক নারী দেখেছে
ছিপছিপে নারী
ফিনফিনে গাউনের ভিতর।