বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭

একটি দাঁড়কাক অথবা পিপীলিকার জীবন

ওরা সারিবদ্ধভাবে চলে
ভীষণ সারিবদ্ধ
দেখলেই আমার কেমন
বিরক্তি বোধ হয়
আমি ওদের চলার পথে 
কোন একটা বাঁধার সৃষ্টি করি
ওরা বিচ্ছিন্ন হয়
মনে হয় অনেক রেগে 
আমার দিকে দৃষ্টি ছোঁড়ে 
একে অপরের কানে কানে কি যেন বলে
আবার সঙ্ঘবদ্ধ হয়
আবার দলবদ্ধ হয়
আবার পথচলা শুরু করে।
এরপর আমি দেশ ও দেশের বাইরে
যখন যেখানে যাই
দেখলেই ওদের দলবদ্ধতা ভেঙে দিই 
ওদের একসাথে চলতে দেখলেই 
আমার কি যেন হয়
আমি বারবার ওদের একতাবদ্ধতাকে খণ্ড খণ্ড করি।
এ আমার এক অদ্ভুত খেলা।
ওদের কাছে আমার উপস্থিতি যমদূত অথবা
দানবের মতন।
ওদের দেখলেই আমার খুব ঈর্ষা হয়।
এতো ছোট প্রাণী হয়েও ওরা এতো পারে কেন?
আমি পারিনা কেন?
ওরা পিপীলিকা আর আমি দানব বলে?
আমার বড় পিপীলিকার জীবন পেতে ইচ্ছে করে
ইচ্ছে করে একটি দাঁড়কাকের জীবন
যার একটি আহত হলেই
সবাই মিলে চিৎকার করে ওঠে
আমার ওভাবে চিৎকার করে উঠতে ইচ্ছে করে।

তোমার সংগে ভোর

খুব সকালে তোমার সংগে দেখা হলে
কি হত?
বেশ হত তো বেশ হত
একটুখানি জড়িয়ে ধরে এক চুমুকে ঠোঁটসুধা
পায়ের সাথে পা মিলিয়ে শুষে নিতাম সব ব্যথা
কি হত গো কি হত?
বেশ হত তো বেশ হত।
সেই রাতে ঘুম নাই বা হত
বুকের সংগে বুক
সেই রাতে যম পালিয়ে যেত
দেখলে আমার সুখ
সেই রাতটি গড়িয়ে শুধু সকাল হলে
কি হত?
দুপুর কিংবা সন্ধ্যে বিকেল না আসলে
কি হত?
বেশ হত তো বেশ হত। 

মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭

আমি যে বাংলাদেশ

ওদের ভাষা আমাদের মতন নয়
একটু অবোধ্য 
যখন ওরা কথা বলে
কিছু বুঝি, কিছু বুঝিনা,
কিন্তু যখন ভীত, ন্যুজ হয়ে সামনে এসে দাঁড়ায়
অবাক বিস্ময়ে তাকাই
ওরা গল্প নয়,
রূপকথা নয়,
ওরা সত্যি।
ওদের ক্ষত বিক্ষত শরীর দেখে বাড়ী ফিরে
ক্লান্ত আমি আয়নার সামনে দাঁড়াই 
একি! আমিও তো ওদের মতন,
দ্রুত একটা ধারালো ছুরি দিয়ে নিজেকে বিক্ষত করি,
একি! আমারও তো রক্তের রঙ লাল।
আমার সারা শরীর ব্যথায় কঁকিয়ে ওঠে।
আমি অনুভব করতে পারি ওদের যন্ত্রণা।
আমি আরও নিশ্চিত হই
ওরা গল্প নয়,
ওরা রূপকথা নয়
ওরা সত্যি,
আমি প্রস্তুত হই
ওদের পাশে দাঁড়াবার 
আমি যে বাংলাদেশ 
চিরদিন মানবতার পাশে দাঁড়িয়েছি
কোনোদিন ঠকিনিতো।

কবিতার অসুখ

এ আমার কবিতার বিশাল অসুখ
ক্ষুধার্ত ভীষণ
তৃষ্ণার্ত ভীষণ
তোমার যা কিছু প্রকাশ্য করেছে হরণ
যা কিছু গোপন তাও করবে শোষণ
এ কিন্তু আমার কবিতার বিশাল অসুখ
ক্ষুধার্ত ভীষণ
তৃষ্ণার্ত ভীষণ।

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

তাঁকে লিখতে হলে

আমি পাঠের জন্য সেই কবিতাটি আবার বেছে নিলাম।
আমার কাছে বিদ্যুৎ গতিতে প্রশ্ন এল,
তোমার কি আর কোন কবিতা নেই?
শেখ মুজিবুর রহমান কে নিয়ে মাত্র একটি কবিতা লেখে কেউ!
এত প্রেম ভালোবাসা কবিতায় এনে কি হবে বল তো?
দেশের কথা লেখ,
তুমি শেখ মুজিবের কথা লেখ,
তুমি যুদ্ধের কথা লেখ।
আমি মৃদু হেসে বললাম,
যুদ্ধ দেখিনি,
দেখিনি শেখ মুজিবুর রহমান,
শুধু ইতিহাস পড়ে জেনেছি
একটি মানুষের ডাকে সম্মোহিত হয়ে যেতে পারে লক্ষ লক্ষ মানুষ।
একটি মানুষের ডাকে অস্ত্রবিহীন যুদ্ধে নামারও সাহস করে মানুষ।
একটি মানুষের ডাকে প্রিয়জন ছেড়ে যুদ্ধে নামার সাহস করে মানুষ।
সেই মানুষ টি তো মানুষ নয়
মহামানব।
আমি কি করে একজন মহামানব কে কবিতার অক্ষরে সাজাই!
সে কি ভেঙেচুরে সব ছিন্ন করে
আমার কলমের বাইরে চলে যাবেনা?
সে বুঝি শান্ত হয়ে আমার সাজানো শব্দের জন্য অপেক্ষা করবে?
উপস্থিত গুনিজনেরা বাহ বা বাহ বা করে বললেন,
এই দেখ তুমি কথা বলতে বলতেই কবিতা হয়ে গেল কিন্তু।
এভাবেই লিখতে হয় কবি।
এভাবেই লেখা হয়।
আমি আবারো মৃদু হাসলাম
আর মনে মনে বললাম,
তাঁকে লিখতে হলে
অথবা তাঁকে শব্দে সাজাতে হলে
আমার যে আরও সহস্র বছর আয়ু প্রয়োজন।
 
 

ফুলজোড় নদী

নাম তার ছিল জানি
ফুলজোড় নদী
চুপচাপ নৌকো
চলে নিরবধি।
সূর্য সকাল হলে
প্রণাম জানায়
উজাড় বুকেতে শোয়
গোধূলিবেলায়।
রাতে তারা জ্বলে ওঠে
রূপোলী আলোয়
জোস্না মাখায়ে নদী
স্নান করে লয়।
একটি বকুল গাছ
দাঁড়ায়ে পাড়ে
বাদামী ফুলের রঙে
সাজে আহারে।

 

বুধবার, ৩০ আগস্ট, ২০১৭

কবির প্রস্থান







অলিন্দ নিলয়ে যখন তোলপাড় 
করে রক্ত।
সেই রক্ত মস্তিষ্কে সংকেত পাঠায় 
আর ঠিক আমার ডান হাত ঐ
সংকেত কে শব্দে পরিণত করে,
আমি এতদিন এভাবেই
কবিতা লিখে আসছি 
বেশ অনেকদিন হল আমি কবিতা লিখতে পারছিনা ।
কবিতা কেন আমি কোন শব্দের কোন খেলাই 
খেলতে পারছিনা।
আমি লিখতে পারছিনা আর মৃত্যুর কথা 
কত রকমের মৃত্যু!
ভূমিধ্বস 
বন্যা 
রোহিঙ্গা আক্রমণ
ধর্ষণ 
আর পুরো পৃথিবী জুড়ে জঙ্গি জঙ্গি খেলা 
আমি আর লিখতে পারছিনা।
আমার হৃৎপিণ্ডে রক্ত চলাচলে
অসুবিধে হচ্ছে,
আমার মস্তিষ্কে ওরা কোন সংকেত পাঠাচ্ছেনা
আমার হাত অথবা আঙুল আর কথা বলছেনা
আমি আমার কবিতায় সৃষ্টির কথা বলতে চাই
ধ্বংসের নয়
আমি আমার কবিতায় শান্তির কথা বলতে চাই
যুদ্ধের নয়
আমি আমার কবিতায় পুণ্যের কথা বলতে চাই
পাপের নয়
সবাই বলে একজন লেখক কে নাকি সকল অন্যায়ের 
বিরুদ্ধে সোচ্চার হতে হয়
কলম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বার করে আনতে হয় প্রেম
সেই কলম দিয়েই যুদ্ধ ।
আমি এখন আর বুঝতে পারিনা 
সবার আগে আমি মানুষ নাকি লেখক!!!!!!
হে ঈশ্বর,
আমায় তবে অন্ধ এবং বধির করে দাও
আমি আর কোন পাপের ইতিহাস শুনতে চাইনা 
আমি আর কোন যন্ত্রণার মৃত্যু দেখতে চাইনা
আমি আবার ভালোবাসার গল্প লিখতে চাই
আমি শুধু পরম যত্নে প্রেমের কবিতা লিখতে চাই।