বুধবার, ১ মার্চ, ২০১৭

একটি ফুলের ইচ্ছে



ফুলের সেদিন ইচ্ছে হল মেঘের কাছে যাবে
প্রজাপতি বলল হেসে পাখা কোথায় পাবে?
ফুল বললে পাখির কাছে চাইতে হবে ডানা
কত জলে মেঘ হয়েছে হয়নি আজো জানা।
মেঘ বললে সুখে আছো, সুখেই তুমি থাকো
কষ্ট নিয়ে উড়ে বেড়াই জানতে এসো নাকো।
ছোট্ট জীবন আজকে আছো কালকে ঝরে শেষ
সবাই বলে ফুলের মতন জীবন হলেই বেশ।
ফুল বললে ঝরতে আমি চাইনা যে আর পথে
অনন্তকাল কইবো কথা চোখের জলের সাথে।

কবিতা



যান্ত্রিক এই জীবনে
কতোটা আর কবি হওয়া যায়?
সুউচ্চ দালানে থাকি
মাঝে মাঝে জানলার ফাঁকে
আকাশে চোখ রাখি।
দেখি আমার দালানের চেয়ে উঁচু দালান
ছাদে উঠবো তবে?
আমার যে বড় ভয় ওসবে
পঞ্চান্ন তলার ছাদে উঠে
আকাশ না হয় পাবো
মাটির থেকে কত দূরে
কতোটা দূরে যাবো?
আমার যে মাটির ঘ্রাণ ও চাই।
কেমন করে বল তবে কবি হওয়া যায়?
গাছের সাথে বলবো কথা
ঘর পেরিয়ে রাস্তায়
কালো ধোঁয়ার বাতাস আছে
সস্তায় বড় সস্তায়।
আমি না দেখি আকাশ
না পাই মাটি
কবিতা আমার
হয়না আর খাঁটি ।
আমায় তোমরা লিখতে বল
ফুল, পাখি আর আকাশ
আমার বুকের গভীর কোণে 
আটকে আছে নিঃশ্বাস।
 

শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭

সত্যবতী

সন্ধ্যে হয়ে আসছিলো প্রায়
সূর্যটা হঠাৎ চারপাশ থেকে
সব আলো লুকিয়ে ফেলে
নিজের শরীরে ধারন করলো যেন,
হয়ে উঠলো এক গোলাকার স্বর্ণপিণ্ড।
সমুদ্রের পাড়ে ঠিক এমন সময়ে
যারা থেকে যায় তারা
বোধ হয় একটু অন্যরকম,
ব্যাথা নিয়ে ঘোরে ফেরে
আর ভাবে
রাতের আঁধারে, ঢেউয়ের তোড়ে
ভাসিয়ে দেবে সবকিছু,
ফুরিয়ে যাবে সব ব্যাথা,
থাকবেনা কোন লেনদেন।
এমন সময়ে কে ওখানে?
বাতাসে উড়ছে এলোমেলো চুল
কে এই নারী?
কার অপেক্ষায় এমন আর্ত চিৎকার?
দামোদর, ও দামোদর
তুই ফির‍্যা আয়,
আমি আর তোরে ছাড়া ভাত খামুনা,
দামোদর, ও দামোদর
তুই ফির‍্যা আয়।
দামোদর কি ফিরবে কখনো সত্যবতীর কাছে?

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬

স্বাধীনতা





ওরা রক্তের বিনিময়ে এনেছে স্বাধীনতা
আমরা রাখিনি ধরে
সে আমাদের ব্যর্থতা।
ওরা যুদ্ধের বিনিময়ে এনেছে সম্মান
আমার বোন এখনো ধুলোয় লুটায়
এ আমারই অপমান ।
শত বীরাঙ্গনার রক্ত গড়েছে
সূর্যটা পতাকার
সেই নারীদের খবর রাখি না
এ আমারই দীনতা বারেবার।
ভাইরা আমার জঙ্গি হয়েছে
যোদ্ধা তো হয়নি।
দেশ চলে গেছে ধর্মের কাছে
বুঝতেও পারিনি ।

স্বপ্ননারী




দেখা আর তাকানো
এক কথা নয়
আমি তোকে দেখেছি
তাকানো নয়।
আমি তোকে বুঝেছি
মুখের ভাষায় নয়
আমি তোকে ছুঁয়েছি
হাতের স্পর্শে নয়।
তোকে নিয়ে হারিয়ে গিয়েছি
এবং প্রতিদিন হারাই
তবে  পায়ে চলার পথ দিয়ে নয়।
 

মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬

তোমার জন্য অপেক্ষা



তোমার জন্য অপেক্ষা বড় অমনোযোগী করেছে আমায়,
একটু আগে আমি খেতে বসে পানি ভর্তি গ্লাস ফেলে দিয়েছি টেবিলে 
মাছের ঝোলে ভুলে গেছি লবন দিতে,
আকাশ দেখতে দেখতে কখন যে বারান্দার ক্যাকটাসে আঙুল বিঁধেছে দেখিনি,
এই ভীষণ শীতের বেলা
ঠাণ্ডা স্নানের জলে গরম জল মেশাতে গিয়ে হাত পুড়েছি ,
আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি
চুলে চিরুনি লাগেনি,
চোখে কাজল ও নেই,
জানলার ধারে কাঁঠালগাছটায় কবে কখন বাসা বেঁধেছে টুনটুনি 
আমি দেখিনি। 
তোমার জন্য অপেক্ষা বড় অমনোযোগী করেছে আমায়,
আমি যে কি করছি আর কি করছিনা
তারও হিসেব রাখতে পারছিনা,
শুধু হিসেব রাখছি সময়ের
তোমার চলে যাবার সাথে মিলিয়ে,
কারন আমি জানি,
কোথায় যেন পড়েছি" চলে যাওয়া মানেই প্রস্থান নয়।"
চলে যাওয়া মানে আসলেই প্রস্থান নয়,
চলে যাওয়া মানে ফিরে আসার জন্যই কোথাও যাওয়া।

আর ভালবাসবো







ড্রিল মেশিন যেহেতু আমার হাতে 
তোমার তো দেয়াল হতেই হবে
ইছেমতন যেখানে খুশী আমি ছবি ঝোলাবো।