শুক্রবার, ২৩ জুন, ২০১৭

জলের মেয়ে ১১

বসেছে সবুজ নারী
পড়েছে পাতার শাড়ি
পথিক চেয়ে বলে হায় হায়।
ফুলেরা খুশি বটে
ঘাসেরা অকপটে
দুখানি পা তার ছুঁয়ে যায়।



শেষ ঠিকানা

তুমি তোমায় নিয়ে থাকো
আমি আমায় নিয়ে থাকি
তুমি তোমার পথে বাঁচো
আমি আমার পথে ভাসি।

তুমি সবুজ পাতা হলে
তোমার অনেক কাজ বাকি
আমি ঝরা পাতার দলে
মন খারাপ করে থাকি।

তুমি আকাশ ছুঁতে চাও
আমি বৃষ্টি পেলে বাঁচি
তুমি মেঘের সাথে যাও
আমি ধুলোয় মিশে থাকি।

তুমি সবুজ থেকে যেদিন
ঝরা পাতার দলে যাবে
শত অবাক বিস্ময়ে
ঠিক আমায় পাশে পাবে।

দেখো মাটির সাথে মিশে
এক অপূর্ব সোঁদা গন্ধ
দেখো ঐখানে যত শান্তি
শেষ ঠিকানায় খাম বন্ধ।

জলের মেয়ে ৯

রুপোলী ফিতের মত পথটা চলে গেছে
কখন কি করে যেন ওপারে
গাছেরা মিলেমিশে হাজার কানাকানি
জড়ায়ে পাতার বোনা চাদরে।
আকাশে মেঘ নেই, সূর্য উঁকি দেয়
বাতাসে ফিসফিস কি কথা
হঠাৎ উঠে এল জলের থেকে মেয়ে
প্রানের মাঝারে বাজে কি ব্যথা।

মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭

মেয়ে

চোখে সর্বনাশ দেখেছিলেন রবি ঠাকুর
আমি মৃত্যু দেখেছি হাসিতে
এমন করে হেসোনা তুমি মেয়ে
ঠিক ঝুলে পড়বো ফাঁসিতে।

জল হব

দুহাত বাড়িয়ে আছি
তুমি ছুঁয়ে দিলে জল হব।

ওরা ফিরে আসে

ওরা শুধু জড়ো হয়, একত্রিত হয়
ওরা হাঁটতে হাঁটতে অনেক দূর যায়
আবার ফিরে আসে একই জায়গায়
এটাকে ওরা মিছিল বলে
প্রতিবাদ সমাবেশ বলে
ওদের চিৎকারে আকাশ কেঁপে ওঠে
বাতাসের গতিবেগ পাল্টায়
ঘর্মাক্ত মানুষগুলোর হাহাকারে
গাছেদের বুক চিরে যায় বুঝি!
পদাঘাতে মাটি চৌচির হয় 
কিন্তু ঐ চিৎকার বিচার ভবন পর্যন্ত পৌঁছায়না
কোন ধর্ষকের বাবার মায়ের রন্ধ্র ভেদ করেনা
শ্যামল ভৌমিকেরা জেলখানায় পঁচে শুধু,
আর ধর্ষকেরা তালি বাজায়।
ওরা ফিরে আসে মিছিল করে 
আবার
যার যার জায়গায়।

তবুও মিছিল হোক

তবুও মিছিল হোক
তবুও হোক প্রতিবাদ সমাবেশ
বিক্ষুব্ধ আমাদের পদাঘাতে চূর্ণ হোক মাটি
চূর্ণ হোক ক্ষমতাসীনের অহংকার যত
আকাশ কাঁপুক 
বাতাস ঝড়ের বেগে আসুক
গাছেরা বিভক্ত হয়ে 
হাতিয়ার হোক
আবার একটি মিছিল হোক
একজন আসাদ হোক
অথবা নূর হোসেন
একজন রফিক হোক
অথবা জব্বার 
অথবা আমি
তুমি
সে
অথবা তারা
আবার একটি মিছিল হোক
আবার আমরা সবাই
স্যারের সামনে কান ধরে হাঁটি
আবার বলি
স্যার আর ভুল হবেনা
অস্ত্র ছাড়া যুদ্ধে নেমেছি তো
তাই একটু দেরী হচ্ছে ।
ট্রেনিং তো জমা দেইনি।
আমরা দাঁত আর নখ দিয়েও যুদ্ধ করতে জানি।