মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬

অনিঃশেষ ভালোবাসা

 
 
 
 
 
 তুই এত্ত সুন্দর কেন রে?

জানি তো। এই সুন্দরের জন্যেই আছিস।
ঠিক যখনই বুড়ো হব
পাখির মতন দিবি উড়াল
খুব যত্নে অন্য চোখে চোখ রাখবি
ভাঙা কোমর আর জড়িয়ে রাখবিনা তুই,
কোঁচকানো চোখ একটুও কি শান্তি দেবে?
ঠিক দেবেনা
জানি আমি।
সাপের মতন আঁকা বাঁকা শরীর এখন
ঠিক যখনই পক্ষাঘাতে পড়বে ঝুঁকে
থাকবি পাশে?
একটুও নয়।
বেশ খুঁজবি মিঠে ঠোঁটের রসের জল।
আমি জানি
সবটা জানি।
প্রেম নয়তো
সবখানেতে শুধুই ছল।

করতে পারিস বেশ বক বক
হাঁসের ছানার মত পঁকপঁক।
তখনও করিস
এখনো কর।
চাঁদ টা কি বল উঠবেনা আর ঐ আকাশে?
দেবেনা কি জোৎস্না ঢেলে ভেসে ভেসে?
আমরা তখন বুড়ো বুড়ি বলবো ঠিকই
একদিন তোর হাত টি ধরে চাঁদ দেখেছি।
রিক্সা চড়ে ভীষণ জ্যামে টগবগে তুই
কোমরখানা সাপের মতন হাত দিয়ে ছুঁই।
তুই কি কেবল করতে পারিস একটি কাজ?
চায়ের কাপে দিতে পারিস ঠোঁটের ভাঁজ?
ডাইবেটিক্স এ ভুগতে হবে দুজনকেই
চিনি ছাড়া চা টা তখন খেতে হবেই
তোর ঠোঁটের জলে ওইদিন বেশ বর্তে যাবে
তেতো চা টা ঠিক তখনও মিষ্টি হবে।
বলবি কিছু?
আর কি বলার আমায় বল?
বকবকানি বন্ধ করে
চায়ের কাপে ঠোঁট দিবি চল।

শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

আগুন ঝরা মেয়ে







 ইচ্ছে করে যাই ছুটে ঐ শিমুলতলী গাঁয়
রঙিন পথে পথ হারাবো জড়িয়ে দুটি পায়।

সেই গাঁয়েরই একটি মেয়ে নামটি  পারুল তার
সন্ধ্যে সকাল গাছের তলায় কাটছে সময় যার।

সেই মেয়েটি এলো চুলে শিমুলতলায় যায়
কাঠবেড়ালি অবাক হয়ে তার পেছনে ধায়।

পাখির সাথে কথা বলে তারার সাথে চলে
চাঁদের আলোয় মুখখানি ধোয় জ্যোৎস্না ঝরে গালে।

সেই মেয়েটির নেশার চোখে চোখ রেখেছি যেই
আমিতো আর আমার মাঝে নেই তো আমি নেই।




আমার কাছেই থেকো









যেমন তোমার রোদ জরুরী
তেমন তোমার ছায়া,
কষ্ট গুলো দিয়ো সখী
সাথে নিয়ে মায়া।
অপেক্ষাতে আর রেখো না
এবার দুয়ার খোলো
হাত দুখানা বাড়িয়ে আছি
আমার সাথে চল।
চলতে পথে বুনো ফুলের
পথটি যদি পাই
ভয় পেয়োনা উদাস আমি
হারিয়ে যদি যাই।
তখন কেবল একটুখানি
জড়িয়ে ধরে রেখো,
পায়ের সাথে পা মিলিয়ে
আমার কাছেই থেকো।

শনিবার, ১২ মার্চ, ২০১৬

দুষ্টু মিষ্টি প্রেম







চোখের কোণে একটু কাজল
নষ্ট নাহয় হল
তাই বলে কি বুকপকেটে
রুমাল রাখতে হল?

বরাবরই বলছো হেসে
টিপ টা আমার বাঁকা
জানি তুমি ছুঁয়েই দেবে
ভাবছো আমি বোকা?

সুগন্ধি তো সয়না আমার
জানোই বরাবরই
তবু জানি আসবে বুকেই
সুবাস নিতে ভারী।

দুষ্টুমি সব বুঝি আমি
তবু কাছে থাকি।
ভাল্লাগেনা ভাবটা দেখাই
দিচ্ছি শুধুই ফাঁকি।

বুঝে নিও ওইখানেতে
মিষ্টি মিষ্টি সুরে
পাগলী মেয়েই থাকবো আমি
সারা জীবন জুড়ে।

জোছনার অভিমান


আজ জোছনার অভিমান
রাঙা রাজকন্যার সাথে
বলে দিয়েছে আসবেনা আর
আমার চলার পথে।

চাঁদ টাকে ভালোবাসি
জোছনার প্রেমে মজি
সকাল হলেই চলে যায় তবু
রাত হলে পাই খুঁজি।

প্রিয়ার রুপের ভারে
গৌরবে হাসে মুখ
সদা সংশয় এই বুঝি প্রিয়া
কেড়ে নিলো সব সুখ।

তার চেয়ে চাঁদ ভালো
প্রতিরাতে জাগে নিশ্চয় 
এই পাই আর এই কি হারাই
থাকে নাতো কিছু সংশয় ।

ওগো চাঁদ তুমি থাকো
জোছনা হয়ে ঝরাও
অভিমানী প্রিয়া চলে যাক
কবির পরান গড়াও ।

কবিতার যৌবনে
যুগে যুগে তুমি থাকো,
প্রিয়ার অভিমানে
অমাবস্যা কে ডাকো ।

তবু চাঁদ তুমি থাকো,
তবু চাঁদ তুমি থাকো। 
 



আর বেশী দূরে যেওনা








পড়ে যাবে

আর বেশী দূরে যেওনা
তোমার সামনে ওটা পুকুর
প্রেম না।
প্রেমে তুমি পড়তেই পারো
মন যদি চায় আবার
জল থেকে দূরে থেকো
শেখোনি এখনো সাঁতার ।

পড়ে যাবে।
আর বেশী দূরে যেওনা।
তোমার সামনে ওটা পুকুর
প্রেম না।

একটা কবিতা শুনবো বলে






তুমি আমায় কবিতা শোনাচ্ছ
একটা কবিতা লেখা হলেই
এ তোমার প্রতিবেলার নিয়ম।
আজকের লেখাটা অনেক বড় ছিল
হৃৎপিণ্ডের কথা আসছিল বারেবার,
এবং যতবারই আমি তার মূর্ছনায় হারাচ্ছিলাম
প্রতিবারই তোমার বাড়ীর পাশে রাস্তা থেকে ক্রমাগত ভেসে আসছিলো
নানান ফেরিওয়ালার সুর।
এই যে, মাছ আছে, ইলিশ মাছ,
তরকারি নেবেন? তরকারি?
বসন্তের নতুন কুল এসেছে।
ফেরিওয়ালা চেঁচাচ্ছে তারস্বরে , এই যে বড়ই আছে , বড়ই নেবেন?
বারবার আমি ঐ একটা পঙক্তি হারিয়ে ফেলছিলাম।
'হৃৎপিণ্ডের বাঁ পাশে কেও আছে'
এই বাক্য টা হারিয়ে যাচ্ছিলো ওদের চিৎকারে।

প্রতিদিন তাই হয়,
কবিতার যে জায়গাটা আমার জন্যে রাখা
আর শোনা হয়না।।
রাতগুলো আমার নয়
তাই রাতের নীরবতা চাইতে পারিনা।

রাত গুলোতে কেও একজন তোমার পাশে বসে ,
আদর করে বলে," শোবে এসো"
তারপর
ঠিক তোমার হৃৎপিণ্ডের বাঁ পাশে এসে শুয়ে পড়ে ঐ মিষ্টি মুখ।
আর অনেক দূরের থেকে আমি অপেক্ষায় থাকি সকাল হবার
একটা কবিতা শুনবো বলে
আর কোথাও না হউক
তোমার কবিতার হৃৎপিণ্ডে তো আমি আছি।